সজল-সারিকার `রাধা তুমি কার'
মোহন খানের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক `রাধা তুমি কার'। সম্প্রতি ঢাকায় নাটকটির শুটিং শেষ হয়েছে। নাটকের কাহিনিতে দেখা যাবে অনেকটা অনিচ্ছা সত্ত্বেও মা-বাবা সারিকাকে বিয়ে দিতে চান। সারিকার গায়েহলুদের অনুষ্ঠানে দেখা হয় অপরিচিত সজলের। কথাবার্তার একপর্যায়ে পরিচয় হয় সজলের সঙ্গে। তারপর নাচতে গিয়ে সজল জানতে পারে বিয়েটা সারিকার অমতেই হচ্ছে। সদ্ধিান্ত নেয় তারা পালিয়ে গিয়ে বিয়ে করবে। হলুদের অনুষ্ঠান থেকে পালিয়ে গিয়ে তারা শহরের অনেক দূরে একটি বাংলোয় গিয়ে ওঠে। ওদের প্রথম সময়টুকু কাটে খুবই আনন্দে। কিন্তু একটা সময় উপলব্ধি হয়, তারা ভুল করেছে। এরপর পরিবারের সবার সম্মতি নিয়ে তারা বিয়ের কাজ সেরে নেয়। নির্মাতা মোহন খান বলেন, `এটি পুরোপুরি একটি মিষ্টি প্রেমের গল্প। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এ নাটকটি দর্শকেরা বেশ আনন্দ নিয়েই উপভোগ করবেন।'নাটকে কাজ করতে গিয়ে সজল-সারিকাকে রাত জেগে কাজ করতে হয়েছে। `রাধা তুমি কার'নাটকটি আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আরটিভিতে প্রচারিত হবে।